বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমীনের মুক্তি দাবি আল-হাইআতুল উলয়ার

by Hasan Al-Mahmud

গ্রেফতার ও রিমান্ডে থাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমীনের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চেয়েছে কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। আজ সোমবার সংগঠনটির কো-চেয়ারম্যানের সভাপতিত্বে ছয় বোর্ডের প্রতিনিধিদের এক সভায় এ বিষয়ে উদ্বেগ জানিয়ে এই আহ্বান জানানো হয়।

আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আল-হাইআতুল উলয়ার সদস্য ও বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহারডাঙ্গা বাংলাদেশের সভাপতি মুফতি রুহুল আমীনকে গত ১৮ নভেম্বর নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে আদালত তাঁকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান।

বিজ্ঞাপন
banner

বিজ্ঞপ্তি অনুযায়ী, সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান। সভায় মুফতি রুহুল আমীনের গ্রেফতার ও রিমান্ড নিয়ে উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুফতি রুহুল আমীন কওমি মাদরাসার শিক্ষা ও সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তাঁর গ্রেফতার ও রিমান্ডে কওমি অঙ্গনের আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থী ও দ্বীনি জনতার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সভা থেকে সরকারের প্রতি তিনটি আহ্বান জানানো হয়েছে। প্রথমত, মুফতি রুহুল আমীনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। দ্বিতীয়ত, তাঁর প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, দেশের আলেম-উলামার মর্যাদা রক্ষা করতে হবে। বিজ্ঞপ্তিতে সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশা প্রকাশ করা হয়। দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রেখে তাঁর সুস্থতা ও মুক্তির জন্য দোয়া করার আহ্বানও জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি মাওলানা মুছলেহ উদ্দিন রাজু ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক। আরও ছিলেন আযাদ দ্বীনী এদারায়ে তা‘লীম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি এনামুল হক এবং জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী। আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মাওলানা মু. অছিউর রহমানও সভায় উপস্থিত ছিলেন।

banner

এ জাতীয় আরো সংবাদ