হাসিনার ফেরার প্রবেশ পথ খুঁজতে সীমান্তে আ.লীগের সাবেক এমপিদের রুদ্ধদ্বার বৈঠক

by Hasan Al-Mahmud

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সম্ভাব্য ও সুবিধাজনক রুট নির্ধারণে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পর্যবেক্ষণ করেছেন ভারতে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় চার নেতা। আজ রোববার বেনাপোল সীমান্তের ওপারে পেট্রাপোল ইমিগ্রেশন এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠকও করেন তাঁরা। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস, টিভি৯ ও এশিয়া পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, পেট্রাপোল সীমান্তে যাওয়া ওই চার নেতা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য ও শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

বিজ্ঞাপন
banner

এশিয়া পোস্ট-এর কলকাতা প্রতিনিধির তথ্যমতে, আজ সকাল নয়টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে যাত্রা শুরু করেন এই চার নেতা। বেলা দুইটার দিকে তাঁদের বহনকারী দুটি গাড়ি পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করে। এর মধ্যে একটি টয়োটা ফরচুনার গাড়িতে ছিলেন ওই চার নেতা। সেখানে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে পেট্রাপোল ছেড়ে কলকাতার উদ্দেশে রওনা হন তাঁরা। সীমান্ত এলাকায় প্রবেশ ও বের হওয়ার সময় গণমাধ্যমকর্মীদের নজর এড়িয়ে চলার চেষ্টা করেন আওয়ামী লীগ নেতারা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিশ্চিত করতে কেবল একটি রুটের ওপর ভরসা না করে বিকল্প পথ নিয়েও ভাবছেন আওয়ামী লীগ নেতারা। এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও খতিয়ে দেখা হচ্ছে। আগামী মঙ্গলবার ওই নেতাদের ত্রিপুরায় যাওয়ার কথা রয়েছে। পরদিন বুধবার রাজ্যের মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত পুরো পথ ও সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করবেন তাঁরা।

পাসপোর্ট-এনআইডি নিয়ে অনুরোধ ও প্রত্যাবর্তনের প্রেক্ষাপটনিউজ ১৮ ও এই সময়-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রক্রিয়া জানতে চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে অনুরোধ জানিয়েছে ভারত। তবে ১০ দিন পেরিয়ে গেলেও ঢাকার পক্ষ থেকে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। সম্প্রতি মার্কিন বার্তা সংস্থা এপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরেই তিনি বাংলাদেশে ফিরতে চান এবং দেশে ফিরলে গ্রেপ্তার বা কারাবাসের ঝুঁকি থাকলেও তিনি পিছিয়ে আসবেন না।

শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে বড় বাধা হিসেবে সামনে এসেছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতি। ২০২৪ সালের আন্দোলনে প্রাণহানির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দেন। যদিও সেই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন শেখ হাসিনা। এ ছাড়া জমি দুর্নীতি সংক্রান্ত মামলাতেও তাঁর কারাদণ্ড হয়েছে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারও শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে। ঢাকার বক্তব্য অনুযায়ী, দেশে ফিরলে বাংলাদেশের প্রচলিত আইন মেনেই তাঁকে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি জানালেও নয়াদিল্লি এখনো তা কার্যকর করেনি; বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে ভারত।

তবে সীমান্ত পরিদর্শন বা শেখ হাসিনার দেশে ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

banner

এ জাতীয় আরো সংবাদ