আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) শুরু হচ্ছে ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি মহাসম্মেলন। এই সম্মেলনে প্রায় ১৫ বছর পর পাকিস্তানের প্রখ্যাত আলেম শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানীর বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও সরকারি অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে তা স্থগিত হয়েছে। ফলে সম্মেলনে সশরীরে উপস্থিত হতে না পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে হাদিসের সবক দেবেন তিনি।
মহাসম্মেলনের প্রথম দিন বিকেলে এই বিশেষ পর্ব অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ এবং মাদ্রাসার ফুজালা উপস্থিত থাকবেন। আয়োজকদের আশা, সরাসরি উপস্থিত থাকতে না পারলেও ভিডিও কনফারেন্সে মুফতি তাকী উসমানীর অংশগ্রহণ সম্মেলনে নতুন মাত্রা যোগ করবে।
এদিকে, আগামী শুক্রবার এক দিনের জন্য হলেও মুফতি তাকী উসমানীর বাংলাদেশে আসার ক্ষীণ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তাঁর সফর সমন্বয়ক শাইখুল হাদিস মুফতি মিযানুর রহমান সাঈদ। আজ রোববার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, মুফতি তাকী উসমানীর রোববারের ফ্লাইট বাতিল হয়ে গেছে। আগামী বৃহস্পতিবার মধ্যরাতের আগে করাচি থেকে ঢাকায় আসার আর কোনো ফ্লাইট নেই। সরকার অনুমোদন দিলে শুক্রবারের ফ্লাইটে তাঁর বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে; তবে সেই সম্ভাবনা খুবই সামান্য।
তিনি আরও বলেন, মুফতি তাকী উসমানীর পরবর্তী কর্মসূচি মালয়েশিয়ায় নির্ধারিত রয়েছে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশে তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় সফরের সময়সূচি পরিবর্তন করা কঠিন। সুযোগ হলে এবং তাঁর শারীরিক অবস্থা ভালো থাকলে শুক্রবার এক দিনের জন্য হলেও তাঁকে বাংলাদেশে পাওয়া যেতে পারে। এ সময় মুফতি তাকী উসমানীর সাক্ষাৎপ্রত্যাশী ও ভক্তদের কাছে দোয়া কামনা করেন তিনি।

