অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ভারতের উত্তর প্রদেশের মুরাদাবাদে অবস্থিত ঐতিহাসিক মোস্তফা মসজিদ রক্ষায় বড় ধরনের আইনি সাফল্য পেয়েছে দেশটির শীর্ষ মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ। মসজিদ কর্তৃপক্ষের বিরুদ্ধে মুরাদাবাদ ডেভেলপমেন্ট অথরিটির (এমডিএ) দেওয়া পূর্বের শোকজ নোটিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ বর্মা ও বিচারপতি কুনাল রবি সিংয়ের দ্বৈত বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে রাজ্য সরকার ও এমডিএর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এমসি চতুর্বেদী আদালতকে জানান, পূর্বের নোটিশটিতে স্পষ্টতার অভাব ও নানা আইনি জটিলতা থাকায় তা প্রত্যাহার করা হয়েছে। আইন মেনে পরবর্তীতে নতুন নোটিশ দেওয়া হবে। এমডিএর এই বক্তব্য সরকারি নথিতে লিপিবদ্ধ করে হাইকোর্ট রিট আবেদনটি নিষ্পত্তি করেন।
ঘটনার সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট উত্তর প্রদেশ আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট (১৯৭৩)-এর ২৭(১) ধারায় মোস্তফা মসজিদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল এমডিএ। এর প্রতিবাদে এবং মসজিদের সুরক্ষায় ‘মুতাওয়াল্লি মসজিদ জিশান আহমদ ফারিদ বনাম উত্তর প্রদেশ সরকার ও অন্যান্য’ শিরোনামে হাইকোর্টে রিট করেন মসজিদের মুতাওয়াল্লি জিশান আহমদ। রিটে উল্লেখ করা হয়, নোটিশটি অস্পষ্ট এবং এতে প্রয়োজনীয় আইনি তথ্যের ঘাটতি রয়েছে। একইসাথে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া ভাঙচুর বা উচ্ছেদের মতো পদক্ষেপ না নেওয়ার আরজি জানানো হয়।
জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানির প্রত্যক্ষ দিকনির্দেশনায় মসজিদ সুরক্ষার এই আইনি লড়াই পরিচালিত হচ্ছে। মামলায় জমিয়তের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শশী নন্দন ও অ্যাডভোকেট অন রেকর্ড আদিত্য পরিহার শুনানি পরিচালনা করেন। পুরো প্রক্রিয়ায় সমন্বয় করেন অ্যাডভোকেট মুহাম্মদ তাহের হাকিম, অ্যাডভোকেট মুহাম্মদ নিজাম পাশা এবং অধ্যাপক নিসার আহমদ আনসারি।
নোটিশ প্রত্যাহারের পর জমিয়তে উলামায়ে হিন্দ জানিয়েছে, মোস্তফা মসজিদসহ ধর্মীয় উপাসনালয়ের অধিকার সুরক্ষায় তাদের আইনি লড়াই আগামীতেও অব্যাহত থাকবে।
আর/

