‘রাড্ডা-কাণ্ডের সকল দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে’: সিদ্ধিরগঞ্জে আল্লামা মামুনুল হক

গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, চাঁদাবাজি বন্ধ এবং গণভোটের রায় বাস্তবায়নে খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ

by ABDUR RAHMAN
রাড্ডা-কাণ্ডের সকল দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশে সংগঠনের আমীরে মজলিস শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, “রাড্ডা-কাণ্ডের সকল দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে।” তিনি প্রশাসন থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সরকারকে তার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। একই নির্বাচন কমিশনের অধীনে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং একই সঙ্গে উভয়ের ফলাফল ঘোষণা করা হয়েছে। সুতরাং, একটি ভোটের ফল বৈধ হলে অন্য ভোটের ফলকে অবৈধ বলার সুযোগ নেই। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ করা সরকারের দায়িত্ব।

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, কেবল সাময়িক সংশোধন নয়, বরং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে কোনো সরকার সহজেই সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ পরিবর্তন করতে না পারে। পাশাপাশি প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে জনগণের প্রতি জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎসহ নাগরিক সেবার খাতগুলোকে সিন্ডিকেটের হাত থেকে মুক্ত করতে হবে। দেশজুড়ে চলমান সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারি বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে তিনি বলেন, “রাড্ডা-কাণ্ডের দায় কেবল একজন নারী সংসদ সদস্যের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, এর সার্বিক দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে।” তিনি প্রধানমন্ত্রীকে নিজ দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা কারী হাসমত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুল হক, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা মামুনুর রশীদ, খন্দকার আনোয়ার হুসাইন ও ডা. আল আমিন রাকীবসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

banner

এ জাতীয় আরো সংবাদ