জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সংবিধান সংস্কার কমিটি গঠনের বিষয়ে অনড় অবস্থান নিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, সরকার সংবিধান সংশোধন কমিটির নামে প্রকারান্তরে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন থেকে সরে আসছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদে জামায়াতের সিনিয়র নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম এ মন্তব্য করেন। একই বক্তব্য দেন দলটির আরেক সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান।
এটিএম আজহারুল ইসলাম বলেন, সরকারের প্রস্তাবিত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের অংশ নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তার ভাষায়, “সংশোধন যথেষ্ট নয়, সংবিধানের সংস্কার করতে হবে।”
জামায়াতের এই দুই সংসদ সদস্য আরও অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতার কিছু বক্তব্য মিসকোড করা হয়েছে। বিশেষ করে তিনি সংবিধান সংস্কার পরিষদে রাজি হয়েছেন—এমন দাবি সঠিক নয় বলে তারা উল্লেখ করেন।
এদিকে বুধবার সকালে জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে প্রস্তাবিত কমিটি নিয়ে বিরোধী দলের আপত্তি থাকায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আর/

