শাহজালাল বিমানবন্দরে লাগেজ চুরির দিন শেষ: লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে শুরু লাইভ মনিটরিং

উড়োজাহাজ থেকে লাগেজ বেল্ট পর্যন্ত পুরো প্রক্রিয়া এখন যাত্রীদের চোখের সামনে; স্থাপন করা হলো ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ১৮টি বড় মনিটর।

by ABDUR RAHMAN
লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে লাইভ মনিটরিং চালুর উদ্যোগ বেবিচকের

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজের নিরাপত্তা জোরদার এবং লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই উদ্যোগের আওতায় বিমানবন্দরের ৮টি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি আধুনিক মনিটর স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

বেবিচকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই ব্যবস্থার ফলে যাত্রীরা লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমের বিভিন্ন ধাপ সরাসরি পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন। উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই করা এবং শেষ পর্যন্ত লাগেজ বেল্টে এসে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ার দৃশ্য স্থাপিত মনিটরে সরাসরি (লাইভ) দেখতে পাবেন যাত্রীরা। এর মাধ্যমে যাত্রীরা তাদের লাগেজ পরিবহনের কার্যক্রম সম্পর্কে সম্পূর্ণ স্পষ্ট ধারণা লাভ করবেন এবং লাগেজ সংগ্রহের প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় তথ্য সম্পর্কে অবগত থাকতে পারবেন।

বেবিচকের প্রত্যাশা, এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার ফলে লাগেজ ব্যবস্থাপনায় দক্ষতা ও জবাবদিহি বহুগুণ বৃদ্ধি পাবে।

বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানান, লাগেজ ব্যবস্থাপনায় সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। ক্যামেরার মাধ্যমে যাত্রীরা তাদের লাগেজ ঠিক কোথায় আছে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা সরাসরি যাচাই করতে পারবেন। প্রতিটি লাগেজ বেল্টের ব্যাগেজ এলাকায় চারটি করে ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা সার্বক্ষণিক মনিটরিং নিশ্চিত করবে।

উল্লেখ্য, গত ৯ জুলাই হাইকোর্ট বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে লাগেজ হারানো, ক্ষতিগ্রস্ত হওয়া, কাটা ও চুরির ঘটনা প্রতিরোধে একটি উচ্চপর্যায়ের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমানকে আহ্বায়ক করে গঠিত এই ছয় সদস্যের কমিটি সার্বিক মূল্যায়ন শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করে। কমিটির সুপারিশের আলোকেই উড়োজাহাজ থেকে লাগেজ নামানো থেকে বেল্ট পর্যন্ত পৌঁছানোর পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের এই ব্যবস্থা বাস্তবায়ন করা হলো।

বেবিচক জানিয়েছে, যাত্রীদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তুলতে তারা বদ্ধপরিকর। বিশেষ করে প্রবাসীসহ দেশি-বিদেশি সব যাত্রী যেন ভ্রমণ শেষে নির্বিঘ্নে ও নিশ্চিন্তে তাদের লাগেজ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যে এ ধরনের প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব সেবার সম্প্রসারণ আগামীতেও অব্যাহত থাকবে। দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নত করার ক্ষেত্রে এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

banner

এ জাতীয় আরো সংবাদ