ইসলামি বই মেলার শাপলা কর্নারে ‘মাসলাকে দেওবন্দ ও রাজনৈতিক ভাবনা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

আদর্শিক বোঝাপড়া সুদৃঢ় করতে পুস্তিকাটি প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস

by ABDUR RAHMAN
ইসলামি বই মেলার শাপলা কর্নারে ‘মাসলাকে দেওবন্দ ও রাজনৈতিক ভাবনা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

বাইতুল মোকাররম ইসলামি বইমেলার ‘শাপলা কর্নারে’ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুফতি শহীদুল ইসলামের লেখা ‘মাসলাকে দেওবন্দ ও রাজনৈতিক ভাবনা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ অক্টোবর ২০২৬) বাদ মাগরিব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান।

বিজ্ঞাপন
banner

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাহিদুজ্জামান বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস তার আদর্শিক পথচলা ও কর্মনীতিতে ‘মাসলাকে দেওবন্দ’-কে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানদণ্ড ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে গ্রহণ করেছে। সংগঠনের প্রতিটি কর্মীর সামনে দেওবন্দের প্রকৃত স্বরূপ ও রূপরেখা স্পষ্ট রাখা অপরিহার্য। কর্মীদের এই আদর্শিক বোঝাপড়াকে আরও সুদৃঢ় করার তাগিদেই কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিভাগ থেকে এই পুস্তিকা রচনার উদ্যোগ নেওয়া হয়েছে।”

বইটির অভিমত অংশে আমিরে মজলিস আল্লামা মামুনুল হক লিখেছেন, “আমাদের দেশে মাসলাকে দেওবন্দ নিয়ে কখনো অতিআবেগ, আবার কখনো বিরোধিতার কারণে ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই এই পুস্তিকায় যথাসম্ভব দেওবন্দি আকাবিরের দৃষ্টিভঙ্গিকে এর সামগ্রিকতা, ভারসাম্য ও বাস্তবতাবোধের আলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।” আকাবিরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার পাশাপাশি তাঁদের চিন্তা ও কর্মপদ্ধতি সঠিকভাবে অনুধাবন করাকে তিনি ঐতিহ্যের অংশ বলে উল্লেখ করেন।

লেখক মুফতি শহীদুল ইসলাম জানান, বইটির মাধ্যমে উলামায়ে দেওবন্দের চিন্তাধারার মৌলিক বৈশিষ্ট্য এবং সমকালীন সাংগঠনিক ও রাজনৈতিক ময়দানে এর প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়েছে। কর্মীদের মাঝে একটি ‘ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি’ গড়ে তোলাও বইটির অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, দলান্ধতা ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে উদারতা ও ভারসাম্য বজায় রেখে রাজনীতির মাঠে কাজ করতে এই বইটি সহায়ক হবে। এটি দলমত নির্বিশেষে সকলের জন্যই দিকনির্দেশনামূলক। সুস্থ রাজনৈতিক বোধ ও আদর্শিক ভিত্তি মজবুত করতে তারা বিভিন্ন পাঠচক্রে বইটি অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম, উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী এবং জামিয়াতুত তারবিয়াহর নায়েবে মুদীর মাওলানা মাসনূন মুহিব্বুল্লাহ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হোসাইন, সংগঠন বিষয়ক সম্পাদক মাওলানা মোশাররফ হোসাইন লাবীব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, প্রকাশনা বিষয়ক সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন ইমাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান, উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী, দক্ষিণের সহ-সভাপতি মাওলানা ওমর ফারুক মাতব্বর, উত্তরের সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান সায়েম এবং শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক কামাল উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

banner

এ জাতীয় আরো সংবাদ