দৌলতদিয়া বাসডুবি: নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ

সড়ক ও নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সাত দিনের মধ্যে পদক্ষেপ নেয়ার আহ্বান

by ABDUR RAHMAN

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহতদের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে নিহত প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী—অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান এবং অ্যাডভোকেট জায়েদ বিন নাস—যৌথভাবে জনস্বার্থে নোটিশটি পাঠান। নোটিশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

নোটিশে বলা হয়েছে, ঘটনাটি আপাতদৃষ্টিতে দুর্ঘটনা মনে হলেও ফেরিঘাট ব্যবস্থাপনা, পরিবহন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহেলা ও দায়িত্বে গাফিলতি ছিল কি না তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি। এছাড়া আহতদের তাৎক্ষণিক চিকিৎসা, কর্মক্ষম আহতদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।

আইনজীবীরা সাত কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নোটিশে আরও দাবি করা হয়েছে, একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, জনস্বার্থে নোটিশটি ই-মেইলে পাঠানো হয়েছে এবং কর্মদিবসের সুযোগ পেলে ডাকযোগে সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি পৌঁছে দেওয়া হবে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ