রমজানে নামাজে উৎসাহ বাড়াতে ৩১৭ শিশুর হাতে সাইকেল তুলে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ, শিশুদের ধর্মীয় চর্চায় অভ্যস্ত করার লক্ষ্য

by ABDUR RAHMAN

পবিত্র রমজান মাসে শিশুদের মসজিদমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাসব্যাপী পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় রাজধানীর মিরপুর এলাকার ৩১৭ জন শিশুকে পুরস্কার হিসেবে নতুন সাইকেল দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে শিশুদের হাতে এসব সাইকেল তুলে দেওয়া হয়। প্রতিমন্ত্রী জানান, তার নির্বাচনী এলাকার চারটি ওয়ার্ডের ছয়টি মসজিদের শিশুদের এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। শেষ ধাপে ২৪৫ জন শিশুকে সাইকেল প্রদান করা হয়।

বিজ্ঞাপন
banner

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাইকেল উপহারটি বড় বিষয় নয়, আমাদের মূল উদ্দেশ্য শিশুদের নামাজের প্রতি অভ্যস্ত করা। এই বয়সে তারা যদি নামাজে অভ্যস্ত হয়, তবে ভবিষ্যতে তা ধরে রাখবে।” তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, এই অভ্যাস যেন সারা বছর বজায় থাকে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী এবং খাল খনন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ক্রীড়া খাতের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি জানান, আগামী ৩০ মার্চ জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা চালু করা হবে। পাশাপাশি সমাজে চাঁদাবাজি, মাদক ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথাও পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় মসজিদের ইমাম, খতিব, অভিভাবক এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট মসজিদ কমিটি ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ