বোরকার আড়ালে হামলা, আইনের জালে শীর্ষ সন্ত্রাসী সোহেল

by ABDUR RAHMAN

রাজধানীর মোহাম্মদপুরে জুলাই আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভের ওপর হামলার ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ সোহেল ওরফে ‘গ্যারেজ সোহেল’কে গ্রেফতার করেছে র‍্যাব। তার কাছ থেকে একটি বিদেশি রিভলবারসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রোববার (১ মার্চ) সন্ধ্যায় র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার তারানগর ইউনিয়নের সিরাজনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, সামুরাই, ছুরি ও একটি দা জব্দ করা হয়।

বিজ্ঞাপন
banner

গত ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সড়ক এলাকায় জুলাই হত্যা মামলার সাক্ষী ও সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভ (২৯)-এর ওপর হামলা চালানো হয়। বোরকা পরিহিত অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো সামুরাই দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করেন।

এর একদিন আগে, ২১ ফেব্রুয়ারি বিকেলে একই এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে মো. রাসেল (৩৭) ও মো. মামুন (৩২) নামে দুজনকে কুপিয়ে আহত করা হয়। এ দুই ঘটনায় মোহাম্মদপুর থানায় পৃথক মামলা দায়ের হয়েছে।

মো. শামসুল ইসলাম বলেন, “একই এলাকায় সংঘটিত দুটি ঘটনায় জড়িতদের ধরতে র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় আজ সোহেল ওরফে গ্যারেজ সোহেলকে বিদেশি রিভলবার ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।”

তিনি আরও জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, গ্যারেজ সোহেল ও তার সহযোগীরা দেশি-বিদেশি অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।”

গ্রেফতার সোহেলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট সাতটি মামলা রয়েছে। তার দেওয়া গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করে আরও একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ