নিজস্ব প্রতিবেদক
বক্তাবলীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদকে কেন্দ্র করে হামলায় আহত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর নেতৃবৃন্দ। বর্তমানে তিনি খানপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বক্তাবলীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় হামলার শিকার হন তৌহিদ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
২৯ সেপ্টেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক আল আমিন রাকিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে আহত তৌহিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা তার চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক আল আমিন রাকিব বলেন, প্রকাশ্য দিবালোকে এ ধরনের নৃশংস হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, সন্ত্রাসীরা যেই দলেরই হোক, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আশা করি প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর নির্বাহী সদস্য মাওলানা হাশমত আলী, আব্দুল কুদ্দুস, সিদ্ধিরগঞ্জ থানার বায়তুলমাল সম্পাদক মাওলানা ফেরদাউস, যুব মজলিস সিদ্ধিরগঞ্জ থানার সাংগঠনিক সম্পাদক জাবেদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

