জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান শেষ হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদীয় দলের সভা ডেকেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠানের পর বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে এই সভা।
সালাহউদ্দিন আহমদ বলেন, সভায় সংসদ নেতা নির্বাচন করা হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছিল গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। পরদিন (১৩ ফেব্রুয়ারি) রাতেই বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে বিজয়ী প্রার্থীর গেজেট প্রকাশ করে।
মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্য শপথ নেবেন। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শপথ গ্রহণের পর বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আর/

