ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে সাধারণ মানুষ, খাবার-পানি নিয়ে সংহতি

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এলেন বিভিন্ন বয়সী মানুষ

by ABDUR RAHMAN
ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে সাধারণ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁস এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে এগিয়ে এসেছেন সাধারণ মানুষ। আন্দোলনকারীদের জন্য খাবার, পানীয় ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বিক্ষোভস্থলে উপস্থিত হন বিভিন্ন বয়সী স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন
banner

সোমবার শিক্ষার্থীরা সংসদ অভিমুখে পদযাত্রা করলে বিক্ষোভস্থলে বিরিয়ানি, বার্গার, রুটি, সবজি, চা এবং পানির বোতল বিতরণ করা হয়। অনেকেই ব্যক্তিগত উদ্যোগে এসব সামগ্রী নিয়ে এসে আন্দোলনকারীদের হাতে তুলে দেন।

পাঞ্জাবের ৫৬ বছর বয়সী স্বেচ্ছাসেবক গুরিন্দর সিং রুটি ও সবজি বিতরণ করতে গিয়ে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা তার নিজের সন্তানের মতো। তারা যেন সুস্থ থাকে এবং দীর্ঘ আন্দোলনের পথ পাড়ি দিতে পারে—এই চিন্তা থেকেই তিনি সেখানে এসেছেন।

এক নারী সকালে বার্গারের প্যাকেট ও ফ্লাস্কভর্তি চা নিয়ে উপস্থিত হন। পাশাপাশি বহু মধ্যবয়সী ও প্রবীণ মানুষ কার্টনভর্তি পানির বোতল নিয়ে যন্তর মন্তরের আশপাশে অবস্থান করেন। বিক্ষোভে অংশ নিতে আসা শিক্ষার্থীদের হাতে তারা একটি করে পানির বোতল তুলে দেন।

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান, আগের রাতে ইন্টারনেট সংযোগ না থাকায় তারা অনলাইনে খাবার অর্ডার করতে পারেননি। নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে অনেকেই বাইরে বের হতেও ভয় পেয়েছিলেন। তবে পরদিন সকাল থেকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে খাবার নিয়ে এসে তাদের পাশে দাঁড়ান।

ঋতু নামে এক নারী বলেন, প্রচণ্ড গরমের মধ্যে অনেক তরুণ আন্দোলনে অংশ নিচ্ছেন। তারা যেন সুস্থ ও কর্মক্ষম থাকতে পারেন, সেই লক্ষ্যেই তিনি খাবার ও পানীয় নিয়ে এসেছেন।

সংশ্লিষ্টদের মতে, আন্দোলনকারীদের প্রতি সাধারণ মানুষের এই সমর্থন ও সহমর্মিতা শিক্ষার্থীদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন নতুন মাত্রা পেয়েছে বলেও তারা মনে করছেন।

সূত্র: দ্য প্রিন্ট

banner

এ জাতীয় আরো সংবাদ