অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
কওমি মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংস্কারমূলক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন সচেতন আলেম সমাজ। রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা বলেন, সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে মাদরাসা শিক্ষায় প্রয়োজনীয় পরিবর্তন আনা এবং প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা জরুরি।
‘সংকটের কবলে মাদরাসা শিক্ষা: উত্তরণের উপায়’ শীর্ষক এ সভায় আলেম, মাদরাসা-সংশ্লিষ্ট ব্যক্তি ও গবেষকরা কওমি শিক্ষা ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং করণীয় নিয়ে আলোচনা করেন। সভা থেকে মাদরাসায় নৈতিক শিক্ষা বৃদ্ধি, শিক্ষক প্রশিক্ষণ, প্রশাসনিক জবাবদিহি, কার্যকর মনিটরিং এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড বা অপরাধের অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে বিচ্ছিন্ন কোনো ঘটনাকে কেন্দ্র করে পুরো কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থা বা আলেম সমাজকে নেতিবাচকভাবে উপস্থাপন করা সমীচীন নয় বলেও মন্তব্য করেন তারা।
সভায় অংশগ্রহণকারীরা বলেন, কওমি মাদরাসাগুলো দীর্ঘদিন ধরে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারে ভূমিকা পালন করে আসছে। তবে বর্তমান সময়ে প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা আরও বাড়াতে হলে আত্মসমালোচনা, সংস্কার এবং জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলা প্রয়োজন।
এ সময় বক্তারা তথ্য যাচাই ছাড়া কোনো অভিযোগ বা প্রচারণা না চালানোর আহ্বান জানান। তারা বলেন, সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত, গবেষণা ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।
সভা থেকে কওমি মাদরাসার উন্নয়নে পাঁচটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়—তথ্য যাচাই কার্যক্রম জোরদার করা, নৈতিক শিক্ষার প্রসার, শিক্ষক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং গবেষণাভিত্তিক পরিকল্পনা তৈরি করা।
সচেতন আলেম সমাজের পক্ষ থেকে জানানো হয়, কওমি মাদরাসার ইতিবাচক ঐতিহ্য ধরে রেখে আধুনিক ব্যবস্থাপনা, নৈতিক পরিবেশ ও জবাবদিহি নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করা হবে।

