নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কূটনীতিক মিস কেট ওয়ার্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, সুশাসন, শিক্ষা, যুবসমাজের ক্ষমতায়ন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নসহ পারস্পরিক আগ্রহসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় হয়।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় রাজধানীতে আমীরে মজলিসের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের উন্নয়ন, মানবসম্পদ গঠন এবং পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় দক্ষ জনশক্তি তৈরির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এ সময় আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নৈতিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ এবং প্রযুক্তিসচেতন একটি প্রজন্ম গড়ে তোলা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজন। তিনি শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং জনগণের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
মিস কেট ওয়ার্ড বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে আমীরে মজলিসের দৃষ্টিভঙ্গি মনোযোগ সহকারে শোনেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক বোঝাপড়া, গঠনমূলক সংলাপ এবং পারস্পরিক আগ্রহের বিষয়গুলোতে যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ খেলাফত মজলিসের পররাষ্ট্র সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।

