আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চলমান শিক্ষার্থী আন্দোলনে অংশ নেওয়ার পর আটক হওয়া বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী নতুন একটি দাবি সামনে এনেছেন। তার ভাষ্য, আটকের সময় দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য ব্যক্তিগতভাবে তাকে কানে কানে বলেছিলেন, “এই (মোদি) সরকারের পতন ঘটিয়ে দাও।”
বুধবার (২২ জুলাই) নিজের আটকের অভিজ্ঞতা তুলে ধরে রাহুল গান্ধী এ মন্তব্য করেন। এর আগে মঙ্গলবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রায় অংশ নেন। পরে পুলিশ তাকে আটক করে একটি বাসে নিয়ে যায়।
রাহুল গান্ধী বলেন, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজনৈতিক ও নৈতিক—উভয় দিক থেকেই দায় এড়াতে পারেন না। তার দাবি, শিক্ষার্থীদের আস্থা পুনরুদ্ধার করতে হলে ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
তিনি অভিযোগ করেন, গত এক যুগে ভারতে ১৫২টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। তার ভাষায়, গড়ে প্রায় প্রতি মাসেই একটি করে প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে, যার ফলে প্রায় সাড়ে সাত কোটি শিক্ষার্থী ও তাদের পরিবার ক্ষতির মুখে পড়েছে। এসব পরিবারের বড় অংশই মধ্যবিত্ত এবং তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দীর্ঘদিনের সঞ্চয় ব্যয় করেছেন।
রাহুল আরও বলেন, এতগুলো ঘটনার পরও গত ১০ বছরে প্রশ্নপত্র ফাঁসের দায়ে কাউকে কার্যকরভাবে জবাবদিহির আওতায় আনা হয়নি। তার মতে, এ ধরনের পরিস্থিতি দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা দুর্বল করছে।
সম্প্রতি নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, দায়ীদের বিচারের আওতায় আনা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছেন। দিল্লির যন্তর মন্তর এলাকায় আন্দোলন এখনও অব্যাহত রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক নেতাও সেখানে সংহতি প্রকাশ করেছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে

