যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান, হামলা স্থগিত রাখলেন ট্রাম্প

যুদ্ধ বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সেনা সরানোর দাবি তেহরানের; কূটনৈতিক সমাধানে নতুন আশার ইঙ্গিত ওয়াশিংটনের

by ABDUR RAHMAN
যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, অঞ্চলজুড়ে সংঘাত বন্ধে তারা এমন একটি সমঝোতা চায়, যেখানে লেবাননসহ সব ফ্রন্টে শত্রুতা বন্ধ হবে এবং ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া হবে।

বিজ্ঞাপন
banner

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএর বরাতে জানা গেছে, প্রস্তাবে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণও দাবি করেছে তেহরান। একই সঙ্গে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে জব্দ থাকা ইরানি তহবিল ফেরত দেওয়া এবং দেশটির ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে চায় ইরান। তাদের দাবি, নতুন প্রস্তাবের লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং চলমান সংঘাতের রাজনৈতিক সমাধান নিশ্চিত করা।

তবে বিশ্লেষকদের মতে, ইরানের এই নতুন প্রস্তাবে খুব বেশি নতুনত্ব নেই। গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের আগের প্রস্তাবকে “আবর্জনা” বলে উড়িয়ে দিয়েছিলেন। এরপরও নতুন প্রস্তাব পাওয়ার পর ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রেখেছে ওয়াশিংটন।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর “খুব ভালো সম্ভাবনা” তৈরি হয়েছে। তিনি বলেন, “ব্যাপক বোমাবর্ষণ ছাড়াই যদি সমস্যার সমাধান সম্ভব হয়, তাহলে সেটাই সবচেয়ে ভালো পথ হবে।”

এদিকে হরমুজ প্রণালি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরও বেড়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত এই প্রণালি আংশিকভাবে অচল হয়ে পড়ায় বৈশ্বিক বাজারে চাপ তৈরি হয়েছে। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতারাও ট্রাম্পকে সামরিক পদক্ষেপ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ রক্ষায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। গত মাসে ইসলামাবাদে অনুষ্ঠিত এক দফা আলোচনার পরই তেহরানের সর্বশেষ প্রস্তাব ওয়াশিংটনের কাছে পৌঁছে দিতে সহায়তা করে ইসলামাবাদ।

ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান ঘিরে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি। এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতির ঘোষণা এলেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় এখনও অস্থিরতা বিরাজ করছে। একাধিক হামলার পরও ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধরে রেখেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা গেছে।

বর্তমানে কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকলেও ওয়াশিংটন ও তেহরানের অবস্থানের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়ে গেছে। ফলে নতুন এই শান্তি প্রস্তাব মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে কতটা কার্যকর হবে, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

সূত্র: রয়টার্স, গালফ নিউজ

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ