আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত, সেই অঞ্চলের গুরুত্বপূর্ণ কয়েকটি মহাসড়কের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের পর এখন থেকে এসব সড়কের উন্নয়ন ও তদারকির দায়িত্ব পালন করবে ভারতের ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অব ইন্ডিয়া (NHAI) এবং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন (NHIDCL)।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রাখা এই সরু ভূখণ্ড দীর্ঘদিন ধরেই দিল্লির নিরাপত্তা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। ভৌগোলিকভাবে অঞ্চলটি বাংলাদেশ, নেপাল ও ভুটানের সীমান্তঘেঁষা হওয়ায় এর গুরুত্ব আরও বেড়েছে। এছাড়া সিকিম সীমান্তের কাছাকাছি চীনের উপস্থিতিও ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের নজরে রয়েছে।
সরকারি সূত্র বলছে, শিলিগুড়ি করিডোরের মধ্য দিয়ে যাওয়া সাতটি গুরুত্বপূর্ণ সড়ক এখন কেন্দ্রীয় তত্ত্বাবধানে উন্নয়ন করা হবে। এর মধ্যে কয়েকটি সড়ক সরাসরি ভারত-ভুটান ও ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত বিস্তৃত। সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে, এসব সড়কের সম্প্রসারণ ও আধুনিকায়ন সম্পন্ন হলে সীমান্ত এলাকায় দ্রুত সেনা ও রসদ পরিবহন সহজ হবে।
বিশেষজ্ঞদের মতে, ‘চিকেনস নেক’ অংশটি ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল এলাকা। কারণ, মাত্র ২২ থেকে ৩৫ কিলোমিটার প্রস্থের এই করিডোরই উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল যোগাযোগ ব্যবস্থা। ফলে যেকোনো নিরাপত্তা ঝুঁকি বা অবকাঠামোগত দুর্বলতা ভারতের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
২০১৭ সালের ডোকলাম সংকটের পর থেকেই এই অঞ্চলে অবকাঠামো উন্নয়ন নিয়ে ভারতীয় কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা জোরদার হয়। সাম্প্রতিক বছরগুলোতে রেলপথ, সুড়ঙ্গ ও মহাসড়ক উন্নয়নের একাধিক পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। সম্প্রতি ভারত ‘চিকেনস নেক’ এলাকায় মাটির নিচ দিয়ে রেললাইন নির্মাণের পরিকল্পনাও এগিয়ে নিচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
এদিকে স্থানীয় প্রশাসনিক সূত্রের দাবি, সীমান্ত নিরাপত্তা জোরদার ও যোগাযোগ ব্যবস্থাকে আরও কার্যকর করতে উত্তরবঙ্গের কিছু কৌশলগত জমিও কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এসব জমির বেশিরভাগই আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থিত।
বিশ্লেষকদের মতে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে শিলিগুড়ি করিডোর ভারতের জন্য শুধু যোগাযোগপথ নয়, বরং জাতীয় নিরাপত্তা ব্যবস্থার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ফলে সড়ক, রেল ও সামরিক অবকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বাড়তি মনোযোগ আগামী দিনে আরও বাড়তে পারে।
আর/

