গাজা ত্রাণবাহী বহরে ইসরায়েলি হামলা, যৌথ বিবৃতিতে প্রতিবাদ বাংলাদেশের

আটক কর্মীদের মুক্তির আহ্বান; আন্তর্জাতিক আইন ও নৌ চলাচলের স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ

by ABDUR RAHMAN
গাজা ত্রাণবাহী বহরে ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

গাজাগামী মানবিক সহায়তাবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’তে ইসরায়েলি অভিযানের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনায় বাংলাদেশসহ কয়েকটি দেশ যৌথ বিবৃতিতে ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছে।

বিজ্ঞাপন
banner

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ওই যৌথ বিবৃতিতে বাংলাদেশের পাশাপাশি ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, স্পেন, ব্রাজিল, কলম্বিয়া, লিবিয়া ও মালদ্বীপও অংশ নিয়েছে।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র বেসামরিক অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে আটক সব কর্মীকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ মানবিক সহায়তা কার্যক্রমের বিরুদ্ধে ধারাবাহিক হামলা আন্তর্জাতিক আইন এবং নৌ চলাচলের স্বাধীনতার প্রতি ইসরাইলের অবজ্ঞার বহিঃপ্রকাশ।

এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে বলে উল্লেখ করেছে জর্ডান।

এদিকে ফিলিস্তিনপন্থি আন্তর্জাতিক অ্যাক্টিভিস্টদের দাবি, গাজা উপত্যকার উদ্দেশে যাত্রা করা ৫০টির বেশি নৌযানের একটি বহর আন্তর্জাতিক জলসীমায় আটকে দেয় ইসরায়েলি বাহিনী।

‘গ্লোবাল ফ্লিট কোয়ালিশন’ নামের একটি সংগঠন জানিয়েছে, গাজা উপকূল থেকে প্রায় ৪৬০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি কমান্ডোরা আকস্মিক অভিযান চালায়।

সাইপ্রাসের পশ্চিমাঞ্চলীয় জলসীমায় এ ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়াতে বাংলাদেশসহ বিভিন্ন দেশ কূটনৈতিকভাবে সক্রিয় অবস্থান নেওয়ার অংশ হিসেবেই এই যৌথ বিবৃতি দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

banner

এ জাতীয় আরো সংবাদ