সীমান্ত হত্যা বন্ধে সরকারের ব্যর্থতার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি এনসিপি নেতার

লালমনিরহাট সীমান্তে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সরকারের নীরবতার সমালোচনা এনসিপি নেতার

by ABDUR RAHMAN
সীমান্ত হত্যা বন্ধে সরকারের ব্যর্থতার অভিযোগ পাটওয়ারীর

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

সীমান্ত হত্যা বন্ধ করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তার অভিযোগ, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে এবং সীমান্তে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।

তিনি বলেন, ভারতের ‘বর্বর ও খুনি বাহিনী’ খাদিমুলকে হত্যা করেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, সীমান্ত এলাকায় পরিকল্পিতভাবে মাদক ও ইয়াবা প্রবেশ করানো হচ্ছে, যা দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

সম্প্রতি কসবায়ও কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, এসব ঘটনায় সরকারের ভূমিকা নীরব ও নিষ্ক্রিয়।

বিজিবিকে আরও শক্তিশালী করার দাবি জানিয়ে তিনি বলেন, নিহত খাদিমুলের বাবা জানিয়েছেন, মাছ ধরতে গিয়ে তার ছেলে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। অথচ এ ঘটনায় বিজিবির প্রেস বিজ্ঞপ্তিকে তিনি বিএসএফের ‘সাজানো বয়ানের কপি’ বলে দাবি করেন।

তার ভাষ্য অনুযায়ী, সীমান্ত এলাকার সাধারণ মানুষ চোরাচালানের সঙ্গে জড়িত নয়; বরং তারা দীর্ঘদিন ধরে নানা ধরনের নির্যাতনের শিকার।

শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনি ভারত থেকে বসে বাংলাদেশের মানুষকে ‘ডিস্টার্ব’ করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা গেলে সীমান্ত হত্যা বন্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।

ঐতিহাসিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতেও রাজনৈতিক নেতাকর্মীরা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। একইভাবে শেখ হাসিনাও ওপার থেকে দেশের পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সঙ্গে যুক্ত হয়ে সীমান্তে পরিকল্পিতভাবে হত্যা চালানো হচ্ছে বলেও দাবি করেন এনসিপির এই নেতা।

সীমান্তে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত যারা সীমান্তে নিহত হয়েছেন, তাদের প্রত্যেক পরিবারের পাশে সরকারকে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এনসিপি সরকার গঠন করতে পারলে সীমান্তে নিহত প্রতিটি পরিবারের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়া হবে।

পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি সরকারকে দ্রুত ‘রেড অ্যালার্ট’ জারির আহ্বান জানান। একই সঙ্গে সীমান্তবাসীকে নিজেদের নিরাপত্তায় ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থতার দায় এড়ানোর সুযোগ নেই। দায়িত্ব পালন করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর সরে দাঁড়ানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ