কুষ্টিয়ায় খাল খনন প্রকল্পে হামলা, পুড়িয়ে দেওয়া হলো দুটি এক্সকাভেটর

সরকারি খাল খননকাজে গভীর রাতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, লুটপাটের পর আগুন

by ABDUR RAHMAN
কুষ্টিয়ায় খাল খনন প্রকল্পে হামলা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় সরকারি খাল খনন প্রকল্পে ব্যবহৃত দুটি এক্সকাভেটরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তরা আগুন দেওয়ার আগে শ্রমিকদের মারধর ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন
banner

বুধবার (১৩ মে) দিবাগত রাতে উপজেলার মোড়াগাছা-হাসিমপুর খালের উৎসমুখ দ্বিপচর সেতু সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, রাতের বেলায় খালের মাটি কাটার কাজ চলছিল। এ সময় ৮ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল মুখে গামছা বেঁধে ঘটনাস্থলে আসে এবং সেখানে থাকা নৈশপ্রহরী ও শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে মারধর শুরু করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা প্রথমে দুটি এক্সকাভেটরে ভাঙচুর চালায়। পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে খননযন্ত্র দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলাকারীরা ঘটনাস্থলে দীর্ঘ সময় অবস্থান করে আতঙ্ক সৃষ্টি করে বলে জানান স্থানীয়রা।

দুর্বৃত্তরা যাওয়ার সময় একটি মোটরসাইকেল, শ্রমিকদের দুটি মোবাইল ফোন এবং এক্সকাভেটরের কয়েকটি ব্যাটারি লুট করে নিয়ে যায়। খবর পেয়ে খোকসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এক্সকাভেটর চালক সিয়াম মণ্ডল জানান, হামলার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা প্রাণ বাঁচাতে পালিয়ে যান। পরে বিষয়টি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের জানানো হলে রাতের দিকে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন বলেন, এটি একটি সরকারি অগ্রাধিকারভিত্তিক খাল খনন প্রকল্প। এখন পর্যন্ত হামলার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন ও যোগাযোগব্যবস্থা উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। এক্সকাভেটর মালিকপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে পানি নিষ্কাশন ও কৃষি সুবিধা বাড়াতে সরকার প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন ও সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে গত ১৬ মার্চ খোকসার মোড়াগাছা-হাসিমপুর খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের হামলা উন্নয়ন কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ