শিবপুরে আইন-শৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ-প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম

চুরি, ছিনতাই, মাদক ও চাঁদাবাজি বেড়ে যাওয়ায় প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি মুফতি রাকীবুল ইসলামের

by ABDUR RAHMAN
শিবপুরে আইন-শৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ

শিবপুরে নির্বাচন পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ও রিকশা মার্কার প্রার্থী প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও চাঁদাবাজির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

তিনি উল্লেখ করেন, উপজেলার বিভিন্ন মসজিদ, বিদ্যালয়, ইউনিয়ন ভূমি অফিস ও কৃষকের গোয়ালঘরে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে গত দুই মাসে শুধুমাত্র দুলালপুর ইউনিয়ন থেকেই প্রায় ২০টির মতো গরু চুরির ঘটনা ঘটেছে, যা কৃষক ও খামারিদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

বিজ্ঞাপন
banner

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইটাখোলা গোল চত্তর এলাকায় পরিবহনে চাঁদাবাজি ভয়াবহ আকার ধারণ করেছে। ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ প্রতিনিয়ত চাঁদাবাজদের হয়রানির শিকার হচ্ছেন।

প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম বলেন, “পুরো শিবপুর জুড়েই মাদক সেবন ও কেনাবেচা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদক এতো ব্যপক ও সহজলভ্য হয়েছে যে অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা পর্যন্ত মাদকে আক্রান্ত হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।”

তিনি মাননীয় এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রশাসনের প্রতি দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, জনগণের জানমাল রক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। চুরি বন্ধ করতে প্রতিটি বাজারে রাতের বেলা পাহারার ব্যবস্থা ও পুলিশ টহল আরো জোরদার করতে হবে। একইসঙ্গে তিনি শিবপুরবাসীকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

banner

এ জাতীয় আরো সংবাদ