আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
কুয়েত সিটির ফারওয়ানিয়া গভর্নরেটে বাসযাত্রীদের লক্ষ্য করে ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনায় তিন সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তার হওয়া তিনজনই বাংলাদেশি নাগরিক বলে জানানো হয়েছে। জেলিব আল-শুয়ুখ পুলিশ স্টেশনের নেতৃত্বে পরিচালিত একটি সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।
একটি গণপরিবহন কোম্পানির টিকিট পরিদর্শকের অভিযোগের পর ঘটনাটি সামনে আসে। অভিযোগে বলা হয়, বাসে যাত্রীদের কাছ থেকে নিয়মিতভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটছিল।
অভিযোগ পাওয়ার পরই নিরাপত্তা বাহিনী নজরদারি বাড়ায় এবং তদন্ত শুরু করে। পরে বাসের ভেতরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। প্রযুক্তিগত সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৩৩৩ কুয়েতি দিনার উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ ধারণা করছে, এটি ছিনতাইয়ের মাধ্যমে সংগৃহীত অর্থ।
আটক ব্যক্তিদের উদ্ধারকৃত অর্থসহ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নাগরিকদের যেকোনো সন্দেহজনক কার্যক্রমের তথ্য জরুরি নম্বর ১১২-এ জানানোর আহ্বান জানানো হয়েছে।
সূত্র: আরব টাইমস

