অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ও শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমান জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাচ্ছেন। বর্তমানে তিনি তুরস্কের নিদে ওমের হালিসদেমির বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এনসিপির প্রতীক ‘শাপলা কলি’র প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে তিনি আলোচনায় আসেন। রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করলেও নাদিমুর রহমান নিজেকে প্রগতিশীল ও সংস্কারমুখী চিন্তার অনুসারী হিসেবে পরিচিত করেছেন।
তিনি অতীতে জামায়াতের কিছু নীতিমালা নিয়ে ভিন্নমত প্রকাশ করেন এবং দলের নাম পরিবর্তনের প্রস্তাবও দেন বলে জানা যায়, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হয়।
এনসিপিতে তার যোগদানের বিষয়ে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, নাদিমুর রহমান নিজেই দলে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। দল শিক্ষাবিদ ড. মোহাম্মদ নাদিমুর রহমানকে স্বাগত জানিয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে তিনি যুক্ত হবেন।
একই কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি বলেন, শুধু নাদিমুর রহমান নন, দেশের বিভিন্ন স্থান থেকে আরও অনেক নেতা এনসিপিতে যোগ দেবেন।
এ বিষয়ে ড. নাদিমুর রহমান বলেন, এনসিপি তরুণদের শক্তি হিসেবে কাজ করছে। দলের কার্যক্রম তাকে আকৃষ্ট করেছে এবং এটি একটি সম্ভাবনাময় রাজনৈতিক প্ল্যাটফর্ম বলে তিনি মনে করেন। বর্তমানে দেশের বাইরে থাকলেও তিনি দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং শিগগিরই দেশে এসে আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠান সম্পন্ন করবেন।
আর/

