অস্ত্রের মুখে পিতা-পুত্রসহ ৭ জেলেকে তুলে নিল আরাকান আর্মি

টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সীমান্তে মাছ ধরার সময় সশস্ত্র হামলা, প্রশাসনের নজরদারি জোরদার

by ABDUR RAHMAN
আরাকান আর্মির শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় জেলেদের অপহরণ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী এলাকায় আবারও উত্তেজনা তৈরি হয়েছে। টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকায় মাছ ধরতে গিয়ে পিতা-পুত্রসহ ৭ জন জেলে অপহরণের শিকার হয়েছেন।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শী জেলেদের ভাষ্য অনুযায়ী, রাখাইন সীমান্ত থেকে আসা আরাকান আর্মি-এর সশস্ত্র সদস্যরা হঠাৎ করে নদীতে প্রবেশ করে এবং জেলেদের লক্ষ্য করে অস্ত্র প্রদর্শন করে।

ওই সময় নদীতে ১০ থেকে ১৫টি ইঞ্জিনচালিত নৌকা মাছ ধরায় ব্যস্ত ছিল। সেখান থেকে দুটি নৌকাসহ ৭ জন জেলেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

অপহৃতদের মধ্যে রয়েছেন শাহপরীর দ্বীপের বাসিন্দা আলী আহমেদ এবং তার দুই ছেলে নুরুল আবছার ও আব্দুর রহিম। এছাড়া সাবরাং ইউনিয়নের আব্দুর রহমান, সাব্বির আহমেদ, নুর আহমদ, গুরা মিয়া ও আব্দুল মোতালেবকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে। একই পরিবারের তিনজন সদস্য অপহৃত হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় জেলে নুরুল আলম বহদ্দার ও আরাফাত রহমান জানান, ঘটনাটি ছিল আকস্মিক এবং জেলেরা আত্মরক্ষার সুযোগ পাননি। অস্ত্রের মুখে জিম্মি করে তাদের দ্রুত সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাফিজ নাদিম জানান, ঘটনাটি প্রশাসনের নজরে এসেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাম্প্রতিক সময়ে রাখাইন রাজ্য এলাকায় সংঘাত বেড়ে যাওয়ায় সীমান্তে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত নজরদারি আরও জোরদার করা জরুরি।

স্থানীয়দের দাবি, এর আগেও একই এলাকায় জেলে অপহরণ ও হয়রানির ঘটনা ঘটেছে। ফলে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বাড়ছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ