অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ছিনতাইয়ের অভিযোগ তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা পুলিশের একটি শটগান ছিনিয়ে নেয়। পরে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বন্দর থানার চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় এএসআই সোহেল রানা ও কনস্টেবল ফয়সাল হোসেন গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের ব্যবহৃত একটি শটগান ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ৯৯৯ নম্বরে পাওয়া একটি ছিনতাইয়ের অভিযোগের ভিত্তিতে টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে তদন্তের সময় সন্দেহজনক একটি বাড়িতে অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
হামলায় দুই পুলিশ সদস্য আহত হন এবং তাদের দ্রুত বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কনস্টেবল ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর অভিযান চালিয়ে শুক্রবার (১ মে) ভোরে চৌধুরী বাড়ি এলাকার একটি গাছের নিচ থেকে ছিনতাই হওয়া শটগানটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সোহান (২৪) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পাশাপাশি তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, ছিনতাইয়ের অভিযোগের তদন্তে গেলে পুলিশের ওপর এ হামলা হয়। হামলায় ১০ থেকে ১৫ জনের একটি দল অংশ নেয় বলে ধারণা করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও মিডিয়া) তারেক আল মেহেদী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে গত ৯ মার্চ একই এলাকায় পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে, যা উদ্ধারসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
বিশ্লেষকরা বলছেন, নারায়ণগঞ্জে বারবার পুলিশের ওপর হামলা ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক সংকেত।
আর/

