আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
দক্ষিণ লেবাননে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে, যেখানে ইসরায়েলের একটি অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। প্রায় ২০ লাখ ডলার মূল্যের এই ড্রোনটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের হার্মিস ৪৫০জেড মডেলের ড্রোনটি নাবাতিয়েহ অঞ্চলে লক্ষ্য করে ভূপাতিত করা হয়। এই ড্রোনটি দীর্ঘ সময় আকাশে থেকে নজরদারি চালাতে সক্ষম একটি কৌশলগত সামরিক সরঞ্জাম।
হার্মিস ৪৫০জেড ড্রোনটি তৈরি করেছে ইসরায়েলভিত্তিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস। এটি হার্মিস ৪৫০ সিরিজের উন্নত সংস্করণ, যা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারির কাজে ব্যবহৃত হয় এবং একটানা ২০ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়তে পারে।
এদিকে একই দিনে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর পাঁচ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এর আগে মাজদাল জউন শহরে চালানো দুটি পৃথক হামলায় অন্তত পাঁচজন নিহত হন বলে জানা গেছে। নিহতদের মধ্যে তিনজন উদ্ধারকর্মী ও একজন লেবানিজ সেনাসদস্যও রয়েছেন।
এই হামলার ঘটনায় লেবাননজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সাম্প্রতিক এসব ঘটনায় সীমান্ত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
চলতি এপ্রিলের মাঝামাঝি ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে বলা হচ্ছে, ইসরায়েল ধারাবাহিকভাবে দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৫৩৪ জন নিহত এবং ৭ হাজার ৮৬৩ জন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সাম্প্রতিক এই ড্রোন ভূপাতিতের ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র : টাইমস অব ইসরায়েল

