অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
কুমিল্লার শাসনগাছা–বুড়িচং–ব্রাহ্মণপাড়া আঞ্চলিক সড়কে ‘জিবি’ নামে পরিচিত অবৈধ চাঁদা আদায়ের বিরুদ্ধে সিএনজি চালিত অটোরিকশা চালকদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ অবশেষে সড়কে নেমে আসে।
শুক্রবার (১ মে) সকালে বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় চালকরা হঠাৎ করেই অবস্থান ধর্মঘট শুরু করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই তীব্র যানজট সৃষ্টি হয়। যাত্রীরা পড়ে চরম দুর্ভোগে।
চালকদের অভিযোগ, শাসনগাছা বাস টার্মিনালকে কেন্দ্র করে প্রতিদিন কয়েক দফায় তাদের কাছ থেকে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে দেওয়া রশিদের পরিমাণ মাত্র ১৫ টাকা, যা নিয়ে তাদের ক্ষোভ দীর্ঘদিনের।
একজন চালক জানান, নিয়মিতভাবে জোর করে টাকা নেওয়া হলেও সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়েই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় সংসদ সদস্য হাজি জসিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিকভাবে কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে যোগাযোগ করেন।
মন্ত্রী অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এমপিও জানান, সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না।
এরপর আশ্বাস পেয়ে চালকরা অবরোধ তুলে নেন। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে যান চলাচল।
স্থানীয়দের মতে, এ সড়কে দীর্ঘদিন ধরে ‘জিবি’ নামে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। পাশাপাশি যাত্রীদের অভিযোগ, সন্ধ্যার পর অনেক সময় অতিরিক্ত ভাড়াও আদায় করা হয়।
আর/

