ইসরায়েলি কারাগারে এক বছর আটক, মুক্তির পর ৬০ কেজি ওজন হারালেন ফিলিস্তিনি সাংবাদিক

বিনা অভিযোগেএক বছর ইসরায়েলি কারাগারে নির্যাতনে শারীরিক অবস্থায় ভয়াবহ অবনতি

by ABDUR RAHMAN
ফিলিস্তিনি সাংবাদিক আলি সামোদি

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইসরায়েলের কারাগার থেকে মুক্তির পর ফিলিস্তিনি সাংবাদিক আলি সামোদির শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। প্রায় এক বছর আটক থাকার সময় তিনি প্রায় ৬০ কেজি ওজন হারিয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মুক্তি পাওয়ার পর তাকে অত্যন্ত দুর্বল ও রুগ্ন অবস্থায় দেখা যায়। অথচ আটকের আগে তিনি সুস্থ ও সবল ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পশ্চিম তীরের জেনিন এলাকায় কর্মরত এই সাংবাদিককে গত বছরের ২৯ এপ্রিল ইসরায়েলি বাহিনী আটক করে। সে সময় অভিযোগ করা হয়, তিনি ইসলামিক জিহাদকে অর্থ সহায়তা করেছেন। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি।

পরবর্তীতে তাকে ‘অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন’ ব্যবস্থার আওতায় রাখা হয়, যার মাধ্যমে অভিযোগ ও বিচার ছাড়াই দীর্ঘ সময় ধরে আটক রাখা সম্ভব। এই পদ্ধতি নিয়ে আন্তর্জাতিক মহলে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সামোদিকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখা যায়। সেখানে তিনি নিজেই জানান, আগের তুলনায় তার ওজন প্রায় ৬০ কেজি কমে গেছে।

মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনিদের অনেক সময় পর্যাপ্ত খাবার ও চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় এবং তাদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হয়।

উল্লেখ্য, গত বছর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ নিজ দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রশাসনিক আটক প্রয়োগ না করার নির্দেশ দিলেও এটি এখনও ফিলিস্তিনি ও আরবদের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।

সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল

banner

এ জাতীয় আরো সংবাদ