অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
রাজধানী ঢাকার বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সামাজিক সংহতি ও ঐক্যের কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
শুক্রবার (১ মে) অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি। ধর্ম, মত ও ভিন্নমত থাকলেও সবাইকে একসঙ্গে দেশ গড়ার আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনই তরুণ প্রজন্ম ও দেশের সব নাগরিকের প্রত্যাশা। মতভিন্নতা থাকা সত্ত্বেও সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, বৌদ্ধ ধর্ম সবসময় শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছে। বাংলা অঞ্চলে বহু ঐতিহাসিক বিহার ছিল, যা আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শুধু প্রার্থনার জায়গা নয়, বরং সামাজিক ঐক্যের ভিত্তিও হতে পারে।
গৌতম বুদ্ধের অহিংসার বাণী আজকের বিশ্বে অত্যন্ত প্রাসঙ্গিক উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ, ঘৃণা ও সাম্প্রদায়িকতা বাড়লেও বুদ্ধের শান্তি ও অহিংসার শিক্ষা মানবজাতির জন্য দিকনির্দেশনা দিতে পারে।
তিনি আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
আর/

