‘ম্যাডাম’ বলায় যুবককে দেড় ঘণ্টা আটকে রাখার অভিযোগ শেরপুর থানায়

এসআই রোকসানা খাতুনের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ; তদন্তের আশ্বাস পুলিশের

by ABDUR RAHMAN
আটককৃত যুবক মামুন

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

বগুড়ার শেরপুর থানায় নারী উপ-পরিদর্শককে (এসআই) ‘ম্যাডাম’ বলে সম্বোধন করায় নূর মোহাম্মদ মামুন নামে এক যুবককে প্রায় দেড় ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে থানা প্রাঙ্গণে। ভুক্তভোগী মামুন জানান, ব্যক্তিগত কাজে থানায় গিয়ে ডিউটিরত এসআই রোকসানা খাতুনকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করার পর তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে আটকে রাখা হয়।

মামুনের অভিযোগ, কোনো লিখিত অভিযোগ বা সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাকে থানা হেফাজতে রাখা হয়। পরে তার পরিবারের সদস্যরা থানায় এলে মুচলেকা নিয়ে তাকে মুক্তি দেওয়া হয়।

একই ধরনের অভিযোগ আরও কয়েকজন ভুক্তভোগীর পক্ষ থেকেও পাওয়া গেছে। তাদের দাবি, এর আগেও থানায় গিয়ে তারা ওই কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছেন এবং ধমক দিয়ে থানা থেকে বের করে দেওয়া হয়েছে।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক থানার একাধিক সদস্য জানান, এসআই রোকসানা খাতুনের আচরণ ও মেজাজের কারণে সহকর্মীদের মধ্যেও এক ধরনের অস্বস্তি তৈরি হয়। ডিউটির সময় কর্মপরিবেশও চাপপূর্ণ থাকে বলে তারা উল্লেখ করেন।

অভিযোগের বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মঈনুদ্দীন বলেন, এসআই রোকসানা খাতুনের বিরুদ্ধে আগেও কিছু মৌখিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ