অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
কুমিল্লার লালমাই উপজেলায় মাদকাসক্ত ছেলেকে জবাই করে হত্যার অভিযোগে কাজী হিরন মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের রামপুর কাজীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাজী মোহাম্মদুল্লাহ (৪০) অভিযুক্ত হিরন মিয়ার তৃতীয় ছেলে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্তির কারণে তিনি পরিবারের সদস্যদের ওপর নির্যাতন ও অশান্তি সৃষ্টি করতেন।
জানা যায়, প্রায় তিন মাস আগে একই ধরনের অভিযোগে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত ২ এপ্রিল মুক্তি পাওয়ার পর আবারও পরিবারকে হয়রানি ও গালাগাল শুরু করেন তিনি।
পরিবারের সদস্যদের দাবি, ঘটনার দিন মাদকের টাকা না পেয়ে মোহাম্মদুল্লাহ তার বাবাকে মারধর করেন এবং একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে হিরন মিয়া ছেলের হাত থেকে ছুরি নিয়ে তাকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ভাই কাজী আহমেদ বলেন, তার ভাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পরিবারের ওপর নির্যাতন চালাতেন। তিনি দাবি করেন, তার বাবা আত্মরক্ষার্থেই এই ঘটনা ঘটিয়েছেন।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, অভিযুক্ত ব্যক্তি নিজেই থানায় ফোন করে ঘটনাটি জানান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আর/

