অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদরাসায় দানবাক্স ভাঙার সময় হাতেনাতে ধরা পড়েন এক যুবক। তবে তাকে কোনো শারীরিক শাস্তি না দিয়ে অজু করিয়ে নামাজ পড়িয়ে ভবিষ্যতে আর চুরি না করার অঙ্গীকার নিয়ে ছেড়ে দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটে বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে। স্থানীয়রা জানান, ওই যুবক দানবাক্স ভাঙার সময় সন্দেহজনক অবস্থায় ধরা পড়েন। পরে যাচাই-বাছাই করে তার চুরির বিষয়টি নিশ্চিত করা হয়।
সাধারণত এমন ঘটনায় উত্তেজনা তৈরি হলেও এখানে ভিন্ন সিদ্ধান্ত নেয় মাদরাসা কর্তৃপক্ষ। তারা যুবকটিকে মারধর না করে শান্তভাবে বুঝিয়ে অজু করিয়ে মসজিদে নামাজ পড়ান এবং তাকে সৎ পথে ফিরে আসার উপদেশ দেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা তৈরি হয়। অনেকেই এই মানবিক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং সমাজে সংশোধনের একটি উদাহরণ হিসেবে প্রশংসা করছেন।
মাদরাসার মুহতামিম ইমাম হোসেন মোস্তাফী বলেন, “আমরা মনে করি শাস্তির চেয়ে সংশোধনই বড় বিষয়। তাই তাকে আল্লাহর পথে ফেরানোর চেষ্টা করেছি। সে নিজের ভুল স্বীকার করে আর কখনো এমন কাজ করবে না বলে অঙ্গীকার করেছে।”
স্থানীয় বাসিন্দা মাহমুদ চৌধুরী বলেন, “এ ধরনের ঘটনায় সাধারণত উত্তেজনা দেখা যায়, কিন্তু এখানে ধৈর্য ও মানবিকতা দেখানো হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।”
আর/

