অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
নাটোরের লালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় নাটোর–পাবনা মহাসড়ক অবরোধ করা হয় এবং দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কদমচিলান, গোধড়া ব্রিজ ও গুনাইহাটি এলাকায় যুবদল নেতা মজনু পাটোয়ারী ও তোহা গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পল্লী চিকিৎসকের দোকানে বসা নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে বিক্ষুব্ধরা দোকান ভাঙচুর করে এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। পাশাপাশি সড়কে গাছ ফেলে নাটোর–পাবনা মহাসড়ক অবরোধ করলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আগুন নেভান। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে এখনো উত্তেজনা বিরাজ করছে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন বড়াইগ্রামের গুনাইহাটি গ্রামের পল্লী চিকিৎসক ও ওয়ার্ড যুবদল নেতা রাশেদুল ইসলাম রাশেদ, মুদি দোকানদার লিটন হোসেন এবং লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু পাটোয়ারীসহ আরও কয়েকজন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম জানান, দুই থানার পুলিশ যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আর/

