আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে প্রথমবারের মতো এ তথ্য জনসমক্ষে আনেন তিনি।
৭৬ বছর বয়সী এই নেতা জানান, ২০২৪ সালের ডিসেম্বরে প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করা হয়। পরবর্তী পরীক্ষায় তার প্রোস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয়, যা ক্যানসারের প্রাথমিক পর্যায় ছিল।
চিকিৎসকদের বরাতে জানানো হয়েছে, রোগটি খুব শুরুর দিকেই ধরা পড়ায় তা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়েছে এবং বর্তমানে তার শরীরে কোনো ক্ষতিকর কোষের উপস্থিতি নেই।
নেতানিয়াহু বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে দুই মাস এই তথ্য গোপন রেখেছিলেন, যাতে ইরান বা তার মিত্ররা বিষয়টিকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে। বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং নিয়মিতভাবে দাপ্তরিক দায়িত্ব পালন করছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে।
আর/

