অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
যুদ্ধবিধ্বস্ত ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। মানবিক সহায়তার অংশ হিসেবে এই সামগ্রী ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা এ সহায়তা হস্তান্তর করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে আহত জনগণের চিকিৎসা সহায়তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত ৬ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেওয়া হয়, যা দিয়ে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয় করা হয়।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংকটের শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করে।
ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশের এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই দুঃসময়ে বাংলাদেশের জনগণের সহমর্মিতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করেছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম আশরাফ আলম বলেন, যুদ্ধ ও সংকটকালে মানবিক সহায়তা প্রদান তাদের দায়িত্বের অংশ। ইরানের জনগণের পাশে দাঁড়াতে পারা তাদের জন্য গর্বের বিষয়।
আর/

