বর্তমান জাতীয় সংসদে সরকারি দলের বেঞ্চে বহু বীর মুক্তিযোদ্ধা থাকলেও বিরোধী দলের বেঞ্চে তেমন কাউকে খুঁজে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেয়ার সময় প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।
তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) প্রতিমন্ত্রীর এই মন্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেন। তিনি বিরোধী দলের সারিতে থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নাম উল্লেখ করে জানান, “বিরোধী দলেও মুক্তিযোদ্ধা রয়েছেন এবং আমি নিজে রণাঙ্গনে তাঁকে যুদ্ধ করতে দেখেছি।”
মীর শাহে আলম বলেন, “দেশের তিনটি গুরুত্বপূর্ণ আন্দোলন—১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন—এই তিনটির ‘ট্রফি’ একমাত্র বিএনপির ঘরেই আছে। অন্য কোনো দল এই তিন কৃতিত্ব একসাথে দেখাতে পারবে না।”
তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ একাত্তর ও নব্বই সালের আন্দোলনের কথা বলতে পারলেও জুলাই-আগস্ট আন্দোলনের গৌরব নেই। অন্যদিকে বিরোধী দল জুলাই-আগস্ট আন্দোলনের কথা বললেও ১৯৭১ ও ১৯৯০ সালের ট্রফি তাদের ঘরে নেই। তিনি ১৯৮৬ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে জামায়াত ও বিএনপির অংশগ্রহণ নিয়ে বিশদ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, দেশের সব দল আন্দোলনে অংশ নিলেও চূড়ান্ত নেতৃত্ব একজনের হাতে থাকায় বর্তমান সংসদ গঠিত হয়েছে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরেছে। সংসদে এই মন্তব্য চলাকালে বিরোধী দলের সদস্যদের পক্ষ থেকে হৈ-চৈ ও প্রতিবাদ লক্ষ্য করা গেছে।
আর/

