অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম। শনিবার বেলা ১২টার দিকে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন এবং অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে দৃঢ় ভূমিকা পালনের আশ্বাস দেন।
তিনি বলেন, সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে।
সাক্ষাৎকালে তিনি মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদীস উল্লেখ করে বলেন,
“এক নারী হীরা (ইরাক) থেকে বের হয়ে কাবা তাওয়াফ করবে, আর সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না।”
তিনি বলেন, এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে নারীরা শুধুমাত্র আল্লাহকে ভয় করবেন; কোনো সন্ত্রাসী, ধর্ষক বা অপরাধীচক্রের আতঙ্কে থাকতে হবে না।
সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুরশিদ সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ নাটোরী, অফিস সম্পাদক জনাব এইচ এম খোকন এবং রূপনগর থানা সভাপতি মাওলানা আহসানুল্লাহ কাসেমী।
সাক্ষাৎ শেষে গণমাধ্যমে বক্তব্য প্রদানকালে মাওলানা মুরশিদ সিদ্দিকী বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, বরং সমগ্র জাতির হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে।

তিনি বলেন, এ ধরনের নৃশংস অপরাধ বন্ধে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে সামাজিকভাবে অপরাধপ্রবণতা প্রতিহত করা, বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা দূর করা এবং আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা জরুরি।
তিনি আরো বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে অপরাধীরা আরও উৎসাহিত হয়। তাই দ্রুত বিচার ও কার্যকর শাস্তির মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

