চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি কোল্ড স্টোরেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ মার্চ) বেলা আনুমানিক ১১টার দিকে বিডি ফুড লিমিটেডের মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানার ফ্রিজিং ইউনিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন লেলিহান শিখায় পুরো গুদামে ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় এলাকা ঢেকে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রথমে কয়েকটি ইউনিট গেলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় ধাপে ধাপে ইউনিট বাড়িয়ে মোট ৮টি ইউনিট মোতায়েন করা হয়। সীমিত জায়গা ও ভেতরে থাকা যন্ত্রপাতির কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের বাসিন্দা ও ব্যবসায়ীরা নিরাপত্তার জন্য এলাকা ছেড়ে সরে যান। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন জানান, কোল্ড স্টোরেজের ভেতরে দাহ্য উপকরণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি ছিল। তবে দ্রুত একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক সংযোগ বা যন্ত্রপাতির ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
আর/

