স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ভারত থেকে পলাতক ওসমান হাদি হত্যার আসামিদের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসামিদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী প্রক্রিয়া এগোচ্ছে।
সালাহউদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম গণহত্যা সংঘটিত হয়। স্বাধীনতার ঘোষণা আসে এই ঘটনার প্রেক্ষাপটে। তৎকালীন মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে বিদ্রোহ ঘোষণা করে ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেন। তিনি এটি বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস হিসেবে বর্ণনা করেন।
শহীদ পুলিশ সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজারবাগের রক্তদানের মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা। জাতি চিরদিন তাদের এই আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও জানান, স্বাধীনতা দিবসের মার্চ কুচকাওয়াজে অংশগ্রহণ ভবিষ্যতে হবে এবং গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা অব্যাহত থাকবে।
আর/

