নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমকে ঘিরে পুরনো একটি টেক্সট বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ভাইরাল হওয়া স্ক্রিনশটটি শেয়ার করে গোলাম রাব্বানী এক মন্তব্যে বলেন, যেহেতু সাদিক কায়েম তাকে বিশ্ববিদ্যালয় ও হলের ‘ছোট ভাই’ হিসেবে পরিচয় দিয়েছে, তাই ফান্ডে রেখে যাওয়া ৩ লাখ টাকাও সে খরচ করতে পারে—এ বিষয়ে তার আর কোনো দাবি নেই।

স্ক্রিনশট থেকে জানা যায়, ২০১৮ সালের ১ আগস্ট সাদিক কায়েম প্রথমবার ‘আসসালামু আলাইকুম, ভাই’ লিখে যোগাযোগের চেষ্টা করেন। এরপর ৩ আগস্ট রাতে আবারও সালাম জানিয়ে নিজেকে বিশ্ববিদ্যালয়ের ‘ছোট ভাই’ হিসেবে পরিচয় দেন। পরবর্তীতে ২০১৯ সালের ৩১ জানুয়ারি একইভাবে হলের ‘ছোট ভাই’ পরিচয় দিয়ে আরও একটি বার্তা পাঠান তিনি। তবে এসব বার্তার কোনো জবাব দেননি গোলাম রাব্বানী।
এদিকে, স্ক্রিনশটটি ফেসবুকে পোস্ট করেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। নিজের পোস্টে তিনি ঘটনাটিকে উদাহরণ হিসেবে তুলে ধরে মানুষকে অন্যকে অবহেলা না করার আহ্বান জানান।
আব্দুল কাদের বলেন, জীবনে কাউকে অবহেলা করা উচিত নয়। তার ভাষ্য অনুযায়ী, একসময় উপেক্ষিত সাদিক কায়েম এখন জননন্দিত ছাত্রনেতা হিসেবে পরিচিত, আর গোলাম রাব্বানী সমালোচনার মুখে রয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, যারা জীবনের কোনো পর্যায়ে অবহেলার শিকার হয়ে হতাশ হয়ে পড়ছেন, তাদের জন্য সাদিক কায়েম একটি অনুপ্রেরণার উদাহরণ হতে পারেন।
আর/

