অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
জাতীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে রসিকতা ও আক্ষেপের সুরে তেল ও গ্যাস সংকট নিয়ে মন্তব্য করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামাল হোসেন।
তিনি বলেন, “গত রাতে আমাকে রাত ২টা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমি তেল পাই নাই। তেল শুধু মহান সংসদে, এত পরিমাণ তেল এখানে অপচয় হচ্ছে, কিন্তু বাইরে তেল খুঁজে পাওয়া যাচ্ছে না।”
বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
নিজ নির্বাচনী এলাকা যাত্রাবাড়ী-ডেমরা প্রসঙ্গে কামাল হোসেন বলেন, “৫৫ বছর পরও যাত্রাবাড়ী অবহেলিত। রাজধানীর পাশে হওয়া সত্ত্বেও এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।”
তিনি অভিযোগ করেন, তার এলাকার অধিকাংশ বাড়িতে গ্যাস সংযোগ থাকলেও দীর্ঘদিন ধরে গ্যাস সরবরাহ অনিয়মিত।
তিনি আরও বলেন, “পুরনো ও জরাজীর্ণ গ্যাস লাইনের কারণে মানুষকে রাত ২টায় রান্না করতে হচ্ছে। রমজান মাসের মতো পরিস্থিতিতে সব সময় সেহরি খেতে হচ্ছে।”
যানজট, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, এলাকায় যত্রতত্র লিজ দেওয়া হচ্ছে এবং প্রধান সড়ক দখল করে চাঁদা আদায় করা হচ্ছে, যার ফলে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস উন্নয়নের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
কামাল হোসেন দাবি করেন, রাজনৈতিক সহিংসতা ও প্রতিবাদের কারণে অতীতে তাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে এবং দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে।
তিনি বলেন, উন্নয়ন কোনো দলীয় বিষয় নয়, এটি জনগণের অধিকার। তার বক্তব্যের শেষে আবারও তেল সংকট প্রসঙ্গে মন্তব্য করে বলেন, “তেল শুধু মহান সংসদে, বাইরে তা পাওয়া যাচ্ছে না।”
আর/

