জ্বালানি সংকটের বিকল্প পথে রতন, তৈরি করলেন ব্যাটারি চালিত মোটরসাইকেল

জ্বালানি সংকটের মধ্যে স্বল্প খরচে পরিবেশবান্ধব যান তৈরি করে আলোচনায় ঠাকুরগাঁওয়ের রতন মহন্ত

by ABDUR RAHMAN
উদ্ভাবনকৃত ব্যাটারি চালিত মোটরসাইকেল

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জ্বালানি তেলের সংকট ও যাতায়াত ব্যয়ের চাপের মধ্যে ব্যতিক্রমী এক উদ্ভাবন করেছেন স্থানীয় মেকানিক রতন মহন্ত। তিনি একটি পুরোনো ১০০ সিসি মোটরসাইকেলকে রূপান্তর করেছেন ব্যাটারি চালিত যানবাহনে, যা প্রতি চার্জে প্রায় ১২০ কিলোমিটার চলতে সক্ষম।

বিজ্ঞাপন
banner

স্থানীয় সূত্রে জানা যায়, রতন মহন্ত পেশায় অটোভ্যান মেকানিক এবং বর্তমানে কলেজ রোড এলাকায় তার একটি যন্ত্রাংশের দোকান রয়েছে। ২০১৯ সালে একটি পুরোনো মোটরসাইকেল কেনার পর থেকেই তিনি যান্ত্রিক সমস্যা ও জ্বালানি ব্যয়ের কারণে বিকল্প সমাধান খুঁজতে শুরু করেন। পরবর্তীতে তিনি প্রচলিত ইঞ্জিন সরিয়ে সেখানে ১২ ভোল্টের চারটি ব্যাটারি এবং একটি অটোরিকশার শক্তিশালী মোটর সংযোজন করেন। এই প্রযুক্তির সমন্বয়ে তৈরি মোটরসাইকেলটি এখন স্বল্প বিদ্যুৎ খরচে অনায়াসে চলাচল করছে।

তার দাবি অনুযায়ী, একবার চার্জে বাইকটি প্রায় ১২০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম।

রতন মহন্ত জানান, শুরুতে তার এই উদ্যোগ নিয়ে অনেকেই সন্দেহ ও সমালোচনা করেছিল। তবে বর্তমানে জ্বালানি সংকট ও তেলের উচ্চমূল্যের কারণে একই মানুষ তার কাজের প্রশংসা করছেন।

তার হিসাব অনুযায়ী, যেখানে প্রচলিত মোটরসাইকেলে একই দূরত্বে প্রায় ৪০০ টাকা জ্বালানি খরচ হয়, সেখানে এই ব্যাটারি চালিত বাইকে খরচ হয় মাত্র ৫ থেকে ৬ টাকা।

স্থানীয়রা বলছেন, এই উদ্ভাবন বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে একটি সম্ভাবনাময় দৃষ্টান্ত। অনেকেই এখন এ ধরনের প্রযুক্তি অনুসরণের আগ্রহ প্রকাশ করছেন, যা এলাকায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ