অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
‘জুলাই সনদই জাতির বকেয়া’—এ মন্তব্য করে সংস্কার বাস্তবায়ন ছাড়াই নতুন বছরের হালখাতা খোলায় সরকারের সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জনগণের বকেয়া পরিশোধ না করেই সরকার নতুন কার্যক্রম শুরু করেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর বাংলামোটরে এনসিপির বৈশাখী র্যালি ও ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে বাংলামোটর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শাহবাগ প্রদক্ষিণ করে ইস্কাটন রোডে গিয়ে শেষ হয়।
নাহিদ ইসলাম বলেন, পয়লা বৈশাখে হালখাতা খোলার মাধ্যমে যেমন সব বকেয়া পরিশোধ করা হয়, তেমনি জাতীয় জীবনের সব বকেয়াও পরিশোধ করা প্রয়োজন। তাঁর মতে, সেই বকেয়া হচ্ছে ‘জুলাই সনদ’। তিনি অভিযোগ করেন, গণভোটের রায় অমান্য করে সরকার সংস্কার বাস্তবায়নে বিলম্ব করছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে বর্তমান সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে। দ্রুত সেসব অধ্যাদেশ নতুনভাবে বিল আকারে এনে আইনে পরিণত করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে গণভোটের গণরায় অনুযায়ী অচিরেই সংস্কার বাস্তবায়নের দাবি জানান।
বিরোধীদলীয় এই নেতা বলেন, অতীতে পহেলা বৈশাখসহ বিভিন্ন উৎসবকে দলীয়করণ করা হয়েছিল। এখন সেগুলোকে নাগরিক উৎসব হিসেবে উদ্যাপনের চেষ্টা চলছে। পাশাপাশি সাংস্কৃতিক মুক্তি ও সংস্কারের লড়াই অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
আর/

