“আম্মু আমাকে নিয়ে যাও…” কবরের পাশে এতিম শিশুর কান্নায় তোলপাড় দেশ, অবশেষে প্রশাসনের হস্তক্ষেপ

কুমিল্লার লালমাইয়ে সৎ মায়ের নির্যাতনের অভিযোগ; ভাইরাল ভিডিওর পর ব্যবস্থা

by ABDUR RAHMAN

কুমিল্লার লালমাই উপজেলায় সৎ মায়ের নির্যাতনের অভিযোগে এক এতিম শিশুর মায়ের কবরের পাশে বসে কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। হৃদয়বিদারক এ ভিডিও ভাইরাল হওয়ার পর দ্রুত হস্তক্ষেপ করে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে অভিযুক্ত সৎ মা আয়েশা আক্তার ও শিশুটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির করা হয়। এ সময় সৎ মা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন আচরণ না করার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দেন।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, শিশুটির মা প্রায় চার বছর আগে মারা যান। এরপর তার বাবা দ্বিতীয় বিয়ে করে বিদেশে চলে যান। বাবার অনুপস্থিতিতে সৎ মায়ের সঙ্গে বসবাস করতে গিয়ে শিশুটি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, তাকে মারধর করা ছাড়াও সম্প্রতি টানা দুই দিন ঘরের ভেতরে আটকে রেখে নির্যাতন করা হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিশুটি মায়ের কবরের পাশে বসে কান্না করতে করতে বলছে, “আম্মু, আমাকে নিয়ে যাও।” এই দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক সহানুভূতি সৃষ্টি করে এবং বিষয়টি প্রশাসনের নজরে আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, “অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সৎ মাকে এক মাসের জন্য সতর্ক করা হয়েছে। এ সময়ের মধ্যে পুনরায় এমন অভিযোগ এলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়ভাবে নজরদারি জোরদার করা হয়েছে।”

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ