বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাংক সলভেন্সি বা গ্যারান্টি সংক্রান্ত জটিলতা কমাতে শিক্ষার্থীদের জন্য বিশেষ ঋণ সুবিধা চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ উদ্যোগের আওতায় বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এই ঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি দেখাতে সহায়তা করবে।
নুরুল হক নুর আরও জানান, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন ও জার্মানিসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার কাজ করছে। একই সঙ্গে বিদেশে যাওয়ার আগে দক্ষতা উন্নয়ন এবং তৃতীয় ভাষা শেখার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে, যাতে বাংলাদেশি কর্মীরা বেশি বেতনের চাকরি পেতে পারেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সংকটের কারণে সাময়িক প্রভাব পড়তে পারে, তবে দীর্ঘমেয়াদে অবকাঠামো পুনর্গঠনের কাজে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা বাড়তে পারে।
বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
এছাড়া জাপানে এক লাখ কর্মী পাঠানোর উদ্যোগ দ্রুত বাস্তবায়ন, ইউরোপে কর্মসংস্থান বাড়ানো এবং বিভিন্ন দেশের কনস্যুলার সেবা বাংলাদেশে সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
আর/

