মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না।”
শুক্রবার (১৩ মার্চ) রাত থেকে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এর আগে শুক্রবার বিকেলে শিবচর উপজেলার বাহাদুরপুর মাঠে আয়োজিত একটি ইফতার মাহফিলে বক্তব্য দেন তিনি। ওই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের কিছু অংশের প্রায় চার মিনিট ২২ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বক্তব্যে হানজালা বলেন, তিনি শিবচরের মানুষের সঙ্গে শান্তিপূর্ণভাবে কাজ করতে চান এবং তার চুপ করে থাকা দুর্বলতা নয়। তিনি দাবি করেন, নির্বাচিত হওয়ার পর তার নেতাকর্মীরা কারও সঙ্গে খারাপ আচরণ করেননি বা হুমকি দেননি। তবে শিবচরের কিছু বিএনপি নেতাকর্মী তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, আর হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। আপনারা ক্লাব-ক্ষেতে চিল্লাচিল্লি করবেন, হানজালা চিল্লাচিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে।” একইসঙ্গে তিনি বলেন, তিনি শিবচরে প্রতিহিংসা বা আধিপত্যের রাজনীতি চান না এবং সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
এদিকে শিবচর উপজেলা বিএনপির সদস্যসচিব মো. সোহেল রানা বলেন, বর্তমান এমপি শিবচরের শান্তিপূর্ণ পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করছেন। তিনি দাবি করেন, এমপি হানজালা শিবচরে উগ্রবাদী রাজনীতির উত্থান ঘটাতে চাইছেন বলেই বিএনপিকে নিয়ে এমন মন্তব্য করেছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থী নাদিরা চৌধুরীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন সাইদ উদ্দিন আহমাদ হানজালা। বর্তমানে তার ওই বক্তব্য ঘিরে শিবচরসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।
আর/

