বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেছেন, সমাজে কিছু ক্ষেত্রে রক্ষণশীল চিন্তাভাবনার বিস্তার দেখা গেলেও এটি বাংলাদেশের প্রকৃত সংস্কৃতির প্রতিফলন নয়। সমতার সমাজ গড়ে তুলতে পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানে উদারতার চর্চা বাড়ানোর প্রয়োজন রয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ব্রিটিশ কাউন্সিলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাতিসংঘ বাংলাদেশ ও লোকাল কনসালটেটিভ গ্রুপ অন উইমেনস অ্যাডভান্সমেন্ট অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটির সহযোগিতায় আয়োজিত ‘তরুণদের অংশগ্রহণে অধিকার, ন্যায়বিচার ও জেন্ডার সমতা’ শীর্ষক সংলাপেও তিনি বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী বলেন, গত ৫৫ বছরের ইতিহাসে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি নারীবান্ধব অবস্থান দেখা গেছে। তবে একই সঙ্গে সমাজে ক্রমশ রক্ষণশীল চিন্তাভাবনার বিস্তারও লক্ষ্য করা যাচ্ছে। তার মতে, নারী ক্ষমতায়ন শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না; বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে।
নারীদের বাস্তব সমস্যার প্রসঙ্গ তুলে তিনি জানান, তার এলাকায় গার্মেন্টস কারখানায় কর্মরত নারীদের জন্য ডে-কেয়ার সুবিধা চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়েও ভাবা হচ্ছে।
ববি হাজ্জাজ বলেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন অত্যন্ত জরুরি। রাজনীতিসহ সব সামাজিক কর্মকাণ্ডে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সমতা ও সম্পৃক্ততার পৃথিবী গড়ে তুলতে সমাজের সব স্তরে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। সহমর্মিতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি সমতার সমাজ গড়ে তোলা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আর/

