অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক যুদ্ধবিরোধী সমাবেশে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী কড়া বক্তব্য দিয়েছেন।
তিনি বলেন, চলমান পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে অনেক জাহাজ আটকে আছে, যার মধ্যে বাংলাদেশি জাহাজও রয়েছে। এসব জাহাজ দ্রুত ছাড়তে ইরান বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবে।
রাষ্ট্রদূত জানান, ইরান বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে দেখে এবং দুই দেশের মধ্যে কোনো শত্রুতা নেই।
তিনি বলেন, প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশি জাহাজগুলো খুব দ্রুতই হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে।

সমাবেশে তিনি আরও দাবি করেন, ইরান মর্যাদার ভিত্তিতে আলোচনায় বিশ্বাসী এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে সেই শর্তই গুরুত্বপূর্ণ। তিনি পাকিস্তান ও ওমানসহ মধ্যস্থতাকারী দেশগুলোর ভূমিকার প্রশংসা করেন।
রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলে বলেন, ইরানের ওপর আগ্রাসনের মাধ্যমে হাসপাতাল, স্কুল ও বিশ্ববিদ্যালয় লক্ষ্যবস্তু করা হয়েছে।
তিনি এসব হামলাকে “গণহত্যা” আখ্যা দেন এবং দাবি করেন, ইরান যুদ্ধ নয়, বরং শান্তি চায়।

অনুষ্ঠানে যুদ্ধবিরোধী প্রদর্শনী, শহীদ শিশুদের স্মরণে প্রতীকী কফিন, রক্তাক্ত স্কুলব্যাগ এবং স্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা প্রতীকী প্রতিবাদে অংশ নেন এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানান।
আর/

